banner

বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ইং, ,

পোস্টটি 50 বার পঠিত

 

রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াতে চালু ‘পিংক বাস’ | নারী চালক ও কন্ডাক্টর

রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াতে চালু পিংক বাস

​রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।​‘পিংক বাস’ মূলত নারীদের জন্য বিশেষায়িত একটি গণপরিবহন সেবা, যেখানে কেবল নারী যাত্রীরাই যাতায়াতের সুযোগ পান। সাধারণ গণপরিবহনে অতিরিক্ত ভিড়, আসন সংকট ও হয়রানি এড়াতে এর পরিচালনা পদ্ধতি সম্পূর্ণ নারীবান্ধব করা হয়। বিশ্বব্যাপী গণপরিবহনে নারীদের সুরক্ষা নিশ্চিতে প্রথম ‘পিংক বাস’ বা নারীদের জন্য আলাদা বাস সার্ভিসের ধারণাটি ২০০৮ সালে মেক্সিকো সিটিতে ব্যাপকভাবে পরিচিতি পায়। পরবর্তীতে ভারত, জাকার্তা,পাকিস্তান, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ যাতায়াতের এই মডেলটি জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশেও বিআরটিসি বিভিন্ন সময় মহিলা বাস সার্ভিস পরিচালনা করলেও, চালক ও কন্ডাক্টর উভয়েই নারী এমন সমন্বিত উদ্যোগ দেশের পরিবহন খাতে এবারই প্রথম।​রাজধানীতে প্রতিদিন বিপুলসংখ্যক কর্মজীবী নারী, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী গণপরিবহনে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই আসন সংকট, অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত নানা অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নতুন এই সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা এখন থেকে একই ধরনের যাত্রীদের সঙ্গে তুলনামূলক স্বস্তিতে ও সুরক্ষিত পরিবেশে যাতায়াত করতে পারবেন। শুধু তাই নয়, চালক ও কন্ডাক্টর পদে নারীদের নিয়োগের ফলে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত।​ইতোমধ্যেই রাজধানীতে নারীদের জন্য পৃথক এই বাস সার্ভিস চালুর খবরে নিয়মিত যাতায়াতকারী কর্মজীবী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নতুন সার্ভিসটি কীভাবে পরিচালিত হবে, কোন কোন রুটে চলবে এবং সময়সূচি কী তা জানতে মুখিয়ে আছেন সবাই। মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। তবে উদ্যোগটির প্রকৃত সাফল্য নির্ভর করবে বাসের সংখ্যা, নির্ধারিত রুটে নিয়মিত চলাচল, সময়ানুবর্তিতা, পর্যাপ্ত সেবা এবং দীর্ঘমেয়াদে পরিচালনব্যবস্থার ওপর। নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে বিআরটিসির এই ‘পিংক বাস’ রাজধানীর নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক গণপরিবহনের একটি কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে। পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও এটি একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।

Loading

Facebook Comments Box