banner

শুক্রবার, ০৫ Jun ২০২৬ ইং, ,

পোস্টটি 132 বার পঠিত

 

ইডেন মহিলা কলেজে আবার ফিরছে এইচএসসি

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে পুনরায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের পাঠদান চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে এই প্রস্তাব জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

গত ২৫ মার্চ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলামের সই করা ওই নির্দেশনা ২৯ মার্চ মাউশির মাধ্যমে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলেজটিতে এইচএসসি পর্যায়ের পাঠদান কার্যক্রম ঠিক কোন বছরে এবং কী কারণে বন্ধ হয়েছিল, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতে হবে। পাশাপাশি, পুনরায় এই কার্যক্রম চালু করতে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন হবে কি না, তাও স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে।

প্রয়োজনীয় তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দ্রুত মাউশির মাধ্যমে পাঠাতে কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু ঠিক থাকলে শিগগিরই ইডেন কলেজে আবারও এইচএসসি পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু হতে পারে।

Facebook Comments Box