ড. মুহসিনা আক্তার জবা
সহযোগী অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
একটি সমাজ ও সভ্যতার উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হল ওই সমাজের প্রতিটি মানুষ তার জীবন পরিচালনায় কতটা স্বাধীন নিরাপদ ও সম্মানিত। একজন নারী যদিও কারো মমতাময়ী মা, স্নেহশীল বোন বা অর্ধাংঙ্গিনী তবে এই পরিচয়ের বাইরে তার স্বতন্ত্র পরিচয় হচ্ছে তিনিও একজন মানুষ যার রয়েছে নিজস্ব চিন্তা, স্বপ্ন, আত্মমর্যাদা ও অধিকার । একটি সমাজ, সভ্যতার মাপকাঠি তে কতটুকু এগিয়েছে তা শুধু তার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন বা প্রযুক্তির অগ্রগতির মাধ্যমেই বিচার করা যায় না বরং দেখতে হয় সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ অগ্রগতির মাপকাঠিতে কতখানি এগিয়ে। অথচ বর্তমান প্রেক্ষাপটে আজও আমরা দেখি ঘর থেকে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গণপরিবহন, এমনকি ডিজিটাল পরিসরেও নারীর সহিংসতা, নিপীড়ন ও নিরাপত্তা এক গভীর উদ্বেগের বিষয়। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস তাই কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি নারী-পুরুষের মর্যাদাভিত্তিক, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস: ঐতিহাসিক পটভূমি
১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান রিপাবলিকের স্বৈরশাসক রাফায়েল ত্রুজিলোর শাসনামলে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত তিন বোন প্যাট্রিয়া, মিনার্ভা ও মারিয়া তেরেসা মিরাবাল”লাস মারিপোসাস” (Las Mariposas বা প্রজাপতি) ছদ্মনামে এক শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। ১৯৬০ সালের ২৫ নভেম্বর কারাগারে স্বামীদের সাথে দেখা করে ফেরার পথে স্বৈরশাসক ট্রুজিলোর নির্দেশে তাঁর অনুচরেরা এই তিন বোনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং ঘটনাটিকে একটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লাতিন আমেরিকার নারীবাদী আন্দোলন ২৫ নভেম্বরকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন শুরু করে। ১৯৯৩ সালে ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর (আন্তর্জাতিক মানবাধিকার দিবস) পর্যন্ত ১৬ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ ২৫ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস” হিসেবে ঘোষণা করে।

নারীর প্রতি সহিংসতা: আন্তর্জাতিক প্রেক্ষাপট
নারীর বিরুদ্ধে সহিংসতা শুধু বাংলাদেশের সমস্যা নয়; এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার ও জনস্বাস্থ্য সংকট। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য রাখতে গিয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, শুধু ২০২৪ সালেই বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজার নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের বৈশ্বিক প্রাক্কলন অনুযায়ী, বিশ্বে প্রায় ৮৪ কোটি নারী ও কিশোরী জীবনের কোনো না কোনো সময়ে অন্তরঙ্গ সঙ্গীর শারীরিক বা যৌন সহিংসতা কিংবা অন্য ব্যক্তির যৌন সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ বিশ্বে প্রায় প্রতি তিনজন নারীর একজন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত দুই দশকে অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতা কমার বার্ষিক গড় হার মাত্র ০.২ শতাংশ।
নারী নির্যাতনের বহুমাত্রিক রূপ: বাংলাদেশ প্রেক্ষাপট
নারী নির্যাতন বলতে শুধু মাত্র শারীরিক নির্যাতন, ধর্ষণ কিংবা যৌন হয়রানিকেই বোঝায় না বরং এর পরিধি আরও বিস্তৃত । পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, ইভ টিজিং, ধর্ষণ, মানব পাচার, অর্থনৈতিক স্বাধীনতা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা —বিভিন্নভাবে আমাদের সমাজে নারী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হন। সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে নারীর ছবি বা ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া, অনলাইন হয়রানি, ব্ল্যাকমেইল, সাইবার বুলিং এবং সম্মতি ছাড়া ব্যক্তিগত কনটেন্ট প্রকাশ নারীর প্রতি সহিংসতায় নতুন মাত্রা যোগ করেছে।
নারী নির্যাতনের প্রকৃত চিত্র বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) পরিচালিত Violence Against Women Survey 2024। বাংলাদেশে ২০১১ ও ২০১৫ সালের পর তৃতীয়বারের মতো এই জাতীয় জরিপ পরিচালিত হয়। ২০২৪ সালের জরিপে দেশের বিভিন্ন অঞ্চলের ১৫ বছর ও তদূর্ধ্ব ২৭ হাজার ৪৭৬ জন নারীর সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপটির ফলাফল ২০২৫ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম নয় মাসে
- শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে ৩৯২ টি।
- শিশু-কিশোরীসহ ধর্ষণের শিকার হয়েছেন মোট ৪০৪ জন।
পারিবারিক সহিংসতায় নারী: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ২৭,৪৭৬ জন নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত Violence Against Women Survey 2024-এর পূর্ণাঙ্গ প্রতিবেদন, ১৩ অক্টোবর ২০২৫ প্রকাশিত হয়, যেখানে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার উদ্বেগজনক চিত্র।
- জীবনের কোনো না কোনো সময়ে স্বামী বা সাবেক স্বামীর হাতে অন্তত এক ধরনের সহিংসতার শিকার হয়েছেন ৭৬% নারী।
- গত ১২ মাসে পারিবারিক/দাম্পত্য সহিংসতার শিকার ৪৯% নারী।
- জীবনে স্বামীর হাতে শারীরিক অথবা যৌন সহিংসতার শিকার ৫৪% নারী।
- নির্যাতনের শিকার হয়েও কাউকে জানাননি ৬২% নারী।
- স্বামী ছাড়া অন্য ব্যক্তির হাতে শারীরিক সহিংসতার শিকার ১৫% নারী।
যৌতুকের কারণে নির্যাতন: মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (ASK), Violence Against Women (Dowry Related Violence), January–December 2025 সংবাদপত্রভিত্তিক পর্যবেক্ষণে যৌতুকের কারণে নির্যাতনের চিত্র উঠে এসেছে।
- মোট নথিভুক্ত ঘটনা ৭৯ টি
- শারীরিক নির্যাতনের পর নিহত নারী ৪১
- শারীরিক নির্যাতনের ঘটনা ৩৫ টি
- নির্যাতনের পর আত্মহত্যা ১
এ ছাড়া ২ জন নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান। ৭৯টি ঘটনার মধ্যে ৪৩টিতে মামলা দায়েরের তথ্য পাওয়া যায়; ৩৩টির ক্ষেত্রে মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
২০২৬ সালের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে Human Rights Support Society (HRSS)-এর প্রতিবেদনেও যৌতুকজনিত সহিংসতার ভয়াবহতা উঠে এসেছে। এ সময়ে যৌতুকের কারণে ১৩ জন নারী নিহত, ১৭ জন আহত এবং আরও ২ জন আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কর্মক্ষেত্রে যৌন হয়রানি: বাংলাদেশের পোশাকশিল্প, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি সরকারি কর্মক্ষেত্রেও নারীরা অশালীন মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শ, যৌন হয়রানি, কুপ্রস্তাব, শারীরিক আক্রমণ, অপমানজনক আচরণ, মজুরি বৈষম্য, পদোন্নতিতে বঞ্চনা এবং চাকরি হারানোর ভয় দেখানোর মতো নির্যাতনের সম্মুখীন হন।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে নারী শ্রমিকদের যৌন হয়রানি নিয়ে ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় ২০১৮ সালে ৩৩২ জন নারী শ্রমিকের ওপর পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরা হয়, যেখানে দেখা যায় প্রায় ২২ শতাংশ নারী শ্রমিক আগের ছয় মাসে কারখানার ভেতরে নিয়মিত যৌন হয়রানির শিকার হয়েছেন। হয়রানির সঙ্গে সহকর্মী, সুপারভাইজার ও নিরাপত্তাকর্মীদের সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে।
এ ছাড়া ২০২৩ সালে প্রকাশিত একটি গবেষণায় পোশাকশিল্পের ১৪০ জন শ্রমিকের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ৪৫ শতাংশের যৌন সহিংসতা ও হয়রানির শিকার হওয়ার তথ্য উঠে আসে।
সাইবার বুলিং এর শিকার নারী: বিটিআরসি ও জাতীয় পরামর্শ সভা প্রতিবেদন (২০২৬) এর তথ্য মতে, ডিজিটাল উন্নয়ন ও লৈঙ্গিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক জাতীয় পরামর্শ সভায় জানানো হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নারীদের ৮৯ শতাংশ জীবনে অন্তত একবার অনলাইন নির্যাতনের শিকার হয়েছেন। বিটিআরসি-র তথ্যমতে, কনটেন্ট অপসারণের জন্য আসা অভিযোগগুলোর প্রায় ৯০ শতাংশই নারীদের পক্ষ থেকে করা। বিশেষ করে শিক্ষার্থী, তরুণী, নারী সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নারীরা অনলাইন হয়রানির শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন।

সাম্প্রতিক সময়ে আলোচিত পাঁচ জন সাইবার বুলিং এর শিকার হওয়া নারীদের বিভিন্ন সময়ে শুধু মাত্র রাজনৈতিক মতবিরোধের কারণে সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি, চরিত্র হনন বা অনলাইন হুমকির বিভিন্ন পোস্ট দেখা যায়। পাঁচজনকে নিয়ে সংবাদগুলোর তুলনামূলক তালিকা এরকম-
| নাম | প্রতিবেদনে উঠে আসা হয়রানির ধরন |
| মারদিয়া মমতাজ | এআই ছবি, ট্রল, রাজনৈতিক কারণে সাইবার বুলিং |
| ডা. মাহমুদা আলম মিতু | রাজনৈতিক কারণে সাইবার বুলিং, চরিত্রহনন, হুমকি |
| শেহরীন আমিন ভূঁইয়া মোনামী | সামাজিক মাধ্যমে ট্যাগ করে হয়রানি, অবমাননাকর পোস্ট |
| জাইমা রহমান | ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইন আক্রমণ |
| ফাতিমা তাসনিম জুমা | বিকৃত ছবি, স্লাট-শেমিং, সাইবার বুলিং |
[সূত্র: ডিসমিসল্যাব, দৈনিক ইনকিলাব, দৈনিক নয়া দিগন্ত]
প্রতিরোধে করণীয়: রাষ্ট্রের দায়বদ্ধতা ও ইসলামি দৃষ্টিভঙ্গি
বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধে একাধিক আইন ও নীতিমালা রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি আইন হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০; বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং যৌতুক নিরোধ আইন, ২০১৮, শিশু আইন, ২০১৩।
কিন্তু প্রশ্ন হলো, এত আইন ও নীতিমালার উপস্থিতির পরও নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ হচ্ছে না কেন? এর অন্যতম কারণ রাষ্ট্রে আইনের যথাযথ প্রয়োগের সীমাবদ্ধতা, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, সাক্ষীর নিরাপত্তার অভাব, সামাজিক প্রভাব ও অপরাধীর দায়মুক্তির সংস্কৃতি। পারিবারিক সম্মান, সামাজিক মর্যাদা, লোকলজ্জা কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়ে অনেক নারী নির্যাতনের কথা প্রকাশ করেন না। আবার অনেক ক্ষেত্রে পরিবার ও সমাজও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
BBS-এর জরিপে দেখা যায়, স্বামীর শারীরিক বা যৌন সহিংসতার শিকার নারীদের ৬৪ শতাংশ কখনো কাউকে তাঁদের অভিজ্ঞতার কথা জানাননি। সরকারি জরুরি সেবা ৯৯৯ সম্পর্কে জানেন মাত্র ৪৫ শতাংশ নারী এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন ১০৯ সম্পর্কে জানেন মাত্র ১২ শতাংশ।
একইসাথে রয়েছে পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার অভাব-শিক্ষাপ্রতিষ্ঠান, রাষ্ট্র, গণমাধ্যম, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের অভাব। একটি সমাজে কোরআনের পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে গড়ে তোলা যেতে পারে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ । ইসলাম নারীকে কেবল পারিবারিক বা সামাজিক নিরাপত্তা দেয়নি, বরং যেকোনো ধরনের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
পবিত্র কুরআনে নারী ও পুরুষকে একই সত্তা থেকে সৃষ্টি করার কথা উল্লেখ করে উভয়ের মানবিক মর্যাদা সমান ঘোষণা করা হয়েছে।
পারিবারিক সহিংসতা প্রতিরোধে ইসলামের দৃষ্টিভঙ্গি:
কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, “তোমরা নারীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো” (সূরা নিসা: ১৯)। রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে নারীদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করে বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।”
সূরা আল-আহযাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, রোজাদার পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী—তাদের সবার জন্য আল্লাহ ক্ষমা ও মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন”।সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা, “মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের বন্ধু ও সহযোগী। তারা সৎকাজের নির্দেশ দেয় এবং অসৎকাজ থেকে নিষেধ করে। তারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে”।

এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামীন নারী-পুরুষ উভয়কে সমানভাবে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন ও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগী হতে নির্দেশনা দিয়েছেন যা পারিবারিক সহিংসতা দূরীকরণে ভূমিকা রাখে এবং উভয়ের মর্যাদা পূর্ণ অবস্থান নিশ্চিত করে।
যৌতুকের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি
ইসলামে যৌতুক নয় বরং স্ত্রীকে মোহরানা দেওয়ার বিধান রাখা হয়েছে, যা নারীর আর্থিক নিরাপত্তা সুরক্ষিত করে। বিবাহের সময় নারীর প্রাপ্য দেনমোহর আদায় করা ফরজ এবং স্ত্রীর ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর ওপর ন্যস্ত করা হয়েছে। আল্লাহর ঘোষণা, “নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহর প্রদান করো”, (সুরা নিসা-৪) ।
আল-কুরআনে উত্তরাধিকার সূত্রে পিতা ও স্বামীর সম্পত্তিতে নারীর সুনির্দিষ্ট অংশ নিশ্চিত করা হয়েছে, যা তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে। কুরআনের ঘোষণা, “পিতা-মাতা ও নিকটাত্মীয়রা যে সম্পদ রেখে যান, তাতে পুরুষদের অংশ রয়েছে; এবং পিতা-মাতা ও নিকটাত্মীয়রা যে সম্পদ রেখে যান, তাতে নারীদেরও অংশ রয়েছে—তা অল্প হোক বা বেশি হোক, (আল্লাহর পক্ষ থেকে) এক নির্ধারিত অংশ” (সুরা নিসা-৭)।
যৌন হয়রানি, সাইবার বুলিং প্রতিরোধে ইসলামের দৃষ্টিভঙ্গি
ইসলামে যেকোনো ধরনের জুলুম বা অত্যাচার হারাম। রাসুল (সা.) তাঁর জীবনে কখনো কোনো নারীকে প্রহার করেননি এবং প্রহারকারীদের কঠোর ভাষায় ভর্ৎসনা করেছেন। সমাজে ইভটিজিং, যৌন হয়রানি ও ধর্ষণের মতো অপরাধ রোধে নারী ও পুরুষ উভয়কেই শালীনতা বজায় রাখা এবং দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আল-কুরআনে (সূরা নূর: ৩০-৩১)। নারীর সম্ভ্রমহানি, মিথ্যা অপবাদ এবং নির্যাতনের বিরুদ্ধে ইসলামি দণ্ডবিধিতে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে
উপসংহার:
নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি, বৈশ্বিক সংকট তাই এর প্রতিরোধ কেবল নারীর দায়িত্ব নয় বরং নারী-পুরুষ সবার সম্মিলিত সামাজিক দায়িত্ব। নারীর প্রতি সম্মান, সমমর্যাদা ও সমান অধিকারের ধারণা পরিবার থেকেই গড়ে তুলতে হবে। পুরুষকে নারীর প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযাত্রী হিসেবে ভাবতে হবে। নারীর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হলে পুরুষের মর্যাদা কমে যায় না; বরং সমাজ আরও সমৃদ্ধ ও মানবিক হয়ে ওঠে।
পাঠ্যক্রমে নারী অধিকার, মানবাধিকার, সম্মতি, নিরাপদ সম্পর্ক এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কার্যকর শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং অন্যান্য কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইনের সঠিক প্রয়োগ থাকতে হবে। নারী নির্যাতনের সংবাদ প্রকাশে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অপরাধকে চাঞ্চল্যকর করে উপস্থাপন না করে অপরাধের কারণ, বিচার ও প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব দিতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধের প্রশ্নে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সবচেয়ে জরুরি। একজন নারী নির্যাতনের শিকার হলে তাঁর পোশাক, চলাফেরা, ব্যক্তিগত জীবন কিংবা সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধীর দায় অপরাধীর ওপরই বর্তাতে হবে।
একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সেই উন্নয়নের সুফল নারী-পুরুষ নির্বিশেষে সবাই ভোগ করতে পারেন। নারী শিক্ষিত হচ্ছেন, কর্মক্ষেত্রে প্রবেশ করছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু সেই নারী যদি ঘরে, রাস্তায়, কর্মক্ষেত্রে কিংবা অনলাইনে নিরাপদ না থাকেন, প্রতিনিয়ত সহিংসতার শিকার হন তাহলে সেই সমাজের সভ্যতার পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। তাই প্রকৃত ইসলামি শিক্ষার চর্চা ও আইনের সঠিক বাস্তবায়নই পারে পরিবার ও সমাজ থেকে নারী নির্যাতন দূর করতে পারে।
বিশেষ প্রতিবেদক, অপরাজিতাবিডি
তথ্য সূত্র:
Ain o Salish Kendra (ASK): যৌতুকজনিত নারী নির্যাতনের বার্ষিক পরিসংখ্যান, ২০২৫। ASK-এর ২০২৫ সালের পূর্ণাঙ্গ পরিসংখ্যান।
Human Rights Support Society (HRSS): জুলাই–সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিক মানবাধিকার প্রতিবেদন।
Bangladesh Bureau of Statistics ও UNFPA: Violence Against Women Survey 2024। জাতীয় নারী নির্যাতন জরিপ।
বাংলাদেশ সরকারি গেজেট: যৌতুক নিরোধ আইন, ২০১৮। আইনের মূল দলিল।
বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS): যৌতুক দাবি, প্রদান ও গ্রহণের আইনগত শাস্তি, ৬ সেপ্টেম্বর ২০২৬। আইন ও শাস্তি সম্পর্কে প্রতিবেদন।
BBS ও UNFPA – Violence Against Women Survey 2024, Full Report।
United Nations Bangladesh – Three out of four women in Bangladesh experience violence, October 2025।
UNFPA Bangladesh – 2024 Violence Against Women Survey।










