banner

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ,

Daily Archives: August 18, 2026

 

প্রতি মাসে পরিচালক সমিতিতে অনুদান দেবেন ডিপজল

এখন থেকে প্রতি মাসে পরিচালক সমিতিতে ৫০ হাজার করে টাকা দেবেন ঢাকাই ছবির ডেঞ্জারাম্যানখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার এই টাকা দেয়ার উদ্দেশ্য একেবারেই নিঃস্বার্থ; অসহায়, দুস্থ, পরিচালকদের সাহায্য করা।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অদূরে সাভারে ডিপজলের শুটিং বাড়িতে ডিপজল প্রযোজিত নতুন ছবির মহরত অনুষ্ঠানে একথা বলেন এক সময়ের আলোচিত এই অভিনেতা।

জাদরেল এই অভিনেতা বলেন, ‘নতুন বছরের শুরু থেকেই প্রতি মাসে পরিচালক সমিতিতে ৫০ হাজার করে টাকা দেব। যাতে আর শুনতে না হয় পরিচালক, শিল্পী-কলাকুশলী বিনা চিকিৎসায় অর্থের অভাবে ধুকে ধুকে মারা গেছেন।’

ডিপজল আরো বলেন, ‘চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত বিনোদন সাংবাদিক আওলাদ হোসেনের পরিবারের জন্য এক লাখ টাকা দেয়া হবে। এছাড়া অসুস্থ সাংবাদিক ঝুটন চৌধুরীর চিকিৎসার জন্য এক লাখ টাকা দেয়া হবে।’

এছাড়া চলচ্চিত্র উন্নতির স্বার্থে সবসময় ঢাকাই ছবির পাশে থাকার আশা ব্যক্ত করেন ডিপজল।

প্রসঙ্গত, অনেকদিন পর আবারো চলচ্চিত্রে ফিরছেন ডিপজল। একসঙ্গে পাঁচটি ছবি নিয়ে চলচ্চিত্রে আগের মতো মনোযোগী হচ্ছেন তিনি। সে কারণে আজ দুটি ছবির মহরত করেন। ছবি দুটি হচ্ছে ‘এক কোটি টাকা’ এবং ‘মেঘলা’। ছবি দুটি পরিচালনা করবেন ছটকু আহমেদ এবং ডিপজল কন্যা ওলিজা মনোয়ার।

আগামীকাল রোববার (১ জানুয়ারি) থেকে ‘এক কোটি টাকা’ ছবির কাজ শুরু হবে। ছবিতে অভিনয় করবেন বাপ্পী-অমৃতা ছাড়াও আরো অনেকে। আর ‘মেঘলা’ ছবিটি বানাবেন ওলিজা। কিন্তু ছবির অভিনয় শিল্পী কারা থাকবেন সেটি জানানো হয়নি।

মহরত অনুষ্ঠানে ডিপজল ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইলিয়াস ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন, মুশফিকুর রহমান গুলজার, মমতাজুর রহমান আকবর, বাপ্পী, অমৃতা প্রমুখ।

 

বিবাহের সময় কাবিনের প্রয়োজনীয়তা

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন বা কাবিননামা বর-কনের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। নিবন্ধন বা কাবিননামা ব্যতীত বিবাহ প্রমাণ করা কঠিন হয়ে যায়। ফলে মেয়েদের প্রতারিত হবার সম্ভাবনা সৃষ্টি হয় সবচেয়ে বেশি।

দেনমোহর, ভরণপোষণ, উত্তরাধিকার নির্ণয়, সন্তানের অভিভাবকত্ব ইত্যাদি দাবির ক্ষেত্রে বিবাহ নিবন্ধন বা বিবাহের কাবিননামা বিচারিক আদালতে আইনগত দলিল হিসেবে বিবেচিত হয়। তাছাড়া পারিবারিক ও সামাজিক জীবনে কাবিননামার গুরুত্ব ব্যাপক।

বিশেষ করে কাবিননামায় বয়স উল্লেখ করতে হয় বিধায় বাল্য বিবাহ রোধও সম্ভব। এটি বিবাহিত ছেলে-মেয়ে উভয়ের ভবিষ্যত আইনগত অধিকার সংরক্ষণ করে। বিবাহ সম্পর্কে উভয় পক্ষ থেকেই যে কোন সময় জটিলতা সৃষ্টি হতে পারে, তখন কাবিননামা প্রমাণ পত্র হিসেবে কাজ করে।

নিবন্ধনবিহীন বিবাহের কারণে যেমন অনেক নারী নির্যাতিত, লাঞ্ছিত ও স্বামীর অধিকার, সম্পদের উত্তরাধিকার, নিজ সন্তানের পিতৃত্বের অধিকার থেকে বঞ্চিত হয়। আবার অনেক পুরুষও বিবাহ নিবন্ধন বা কাবিননামা না থাকায় নারীদের আক্রমণের শিকার।

এ কারণেই রাষ্ট্রীয়ভাবেই বিবাহ নিবন্ধন কার্যক্রমকে অত্যাবশক করা হয়েছে। এ নিবন্ধনের মাধ্যমেই বরকনের পরিপূর্ণ তথ্য নির্ধারিত নিবন্ধন বইতে সংরক্ষিত থাকে। যাতে রাষ্ট্রীয়ভাবে স্বামী-স্ত্রী উভয়ের অধিকার রক্ষা হয়।

যদিও বিবাহের ক্ষেত্রে কাবিন আবশ্যক। তথাপিও কাবিন বিবাহের কোনো অংশ নয়। কাবিন ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সে বিবাহ বৈধ হবে। দাম্পত্য জীবনে এক সঙ্গে বসবাস করা যাবে। এ বিষয়ে ইসলামে কোনো অসুবিধা নেই।

মুসলিম নারী ও পুরুষের জন্য দেশের প্রচলিত বিধান অনুযায়ী বিবাহের নিবন্ধন অত্যন্ত জরুরি। কেননা দেশে রাষ্ট্রকর্তৃক নির্ধঅরিত মুসলিম বিবাহ আইন রয়েছে। আর বিবাহের এ নিবন্ধনকেই বলা হয় কাবিন। আর যিনি এ নিবন্ধন কার্যক্রম সম্পাদন করেন তাকে প্রচলিত ভাষায় বলা হয় কাজি।

দেশের প্রতিটি প্রতিটি ইউনিয়ন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই সরকার কর্তৃক নির্ধারিত আলাদা আলাদা কাজি বা বিবাহ নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়োজিত রয়েছে। যারা বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বর ও কনের ব্যক্তিগত ও বিয়ে সংক্রান্ত তথ্য বিবাহ নিবন্ধন (বালাম) বইতে লিপিবদ্ধ করেন।

বিবাহ নিবন্ধনের সময় কাজী বর-কনেসহ বিবাহের সাক্ষী, বর-কনের অভিভাবক, যে ব্যক্তি বিবাহ পড়িয়েছেন তাদের সবার নাম ও সাক্ষর রাখেন। বিবাহের সময় নির্ধারিত মহর কত ইত্যাদি তথ্য সংযোজন করেন।

বিবাহ নিবন্ধনের মাধ্যমেই বর ও কনের সব তথ্য সরকারের তথ্যভাণ্ডারে নথিভুক্ত হয়। যা নারী ও পুরুষ উভয়ের জন্যই সামাজিক নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে কাজ করে। তবে কাবিন প্রক্রিয়া নারীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবচেয়ে বেশি প্রয়োজন।

বিবাহের পর স্বামী-স্ত্রী উভয়েই প্রতারণা ফাঁদ থেকে বেঁচে থাকতে যথেষ্ট কার্যকরী এ কাবিন। স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে বিবাহ নিবন্ধন বা কাবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সরকারি চাকরিতে নিয়োজিত, নারী হোক কিংবা পুরুষ; উভয়ের জন্যই কাবিন অনেক জরুরি বিষয়।

আবার পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন তথা তালাকের ক্ষেত্রে বিবাহ নিবন্ধন বা কাবিন আরো বেশি প্রয়োজন। কারণ এ নিবন্ধন ওপর ভিত্তি করেই তালাক সংক্রান্ত ফয়সালা নির্ধারিত হয়।

স্বামী-স্ত্রী উভয়ে আদালত তথা বিচারিক কার্যক্রমে অধিকার নিশ্চিত করতে এ কাবিন বা বিবাহ নিবন্ধনের তথ্য প্রয়োজন হয়। যা স্বামী-স্ত্রীর জন্য একটি আবশ্যকীয় প্রমাণ।

সুতরাং বর-কনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও সহাবস্থান এবং সত্যতা নিরূপনে কাবিনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অত্যধিক। দেশের প্রতিটি সচেতন ব্যক্তি ও পরিবারের উচিত বিবাহের সময় বর-কনের নিরাপত্তা ও পরিপূর্ণ নাগরিক অধিকার লাভে বিবাহের নিবন্ধন (কাবিন) কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা।

 

নববর্ষ উদযাপনে ইসলামি মূল্যবোধ

নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসব পালনের সঠিক তথ্য পাওয়া না গেলেও ইতিহাস পর্যালোচনা করলে যে বিষয়টি সুস্পষ্ট তা হলো প্রথম প্রথম ঘরোয়া পরিবেশে পরিবার-পরিজন নিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে নতুন বছরের প্রথম দিন সৌজন্যবোধ বিনিময়, ভালো খাবার-দাবারের আয়োজন, নতুন পোশাক গ্রহণের মধ্যেই বর্ষবরণ উদযাপন সীমাবদ্ধ ছিল।

বিশাল আকারে আয়োজন করে কখনো কোনো অনুষ্ঠান উদযাপন করা হতো না। সময়ের চাকা ঘুরতে ঘুরতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঘটা করে বর্তমান সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ‘বর্ষবরণ’ অনুষ্ঠান উদযাপন হয়।

ইসলামে ‘বর্ষবরণ’ উপলক্ষে কোনো রুসুম-রেওয়াজ বা আনন্দ অনুষ্ঠানের অনুমোদন নেই। হোক ইংরেজি, বাংলা কিংবা আরবি নববর্ষের বেলায়।

বর্তমান সময়ে উপমহাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে নানা আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে বর্ষবরণ তথা নববর্ষ উদযাপন করা হয়।

এ সব আয়োজনের মধ্যে রয়েছে- আতশবাজি, ঘণ্টাধ্বনি, ফল খাওয়া, কাঁচ তথা তৈজশপত্র ছুঁড়ে মারা, যৌবন হারানো ও চুল-ভ্রু সাদা হওয়ার ভয়ে নির্ঘুম রজনী অতিবাহিত করাসহ ইত্যাদি নতুন নতুন আবিষ্কার। অথচ ধর্মীয় দৃষ্টিকোন থেকে এ সবের কোনো ভিত্তি নেই।

বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট সময়ে এবং নতুন সূর্যকে স্বাগত জানাতে প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর রাত ১২ টা ০১ মিনিটে বর্ষবরণের নামে নববর্ষ উদযাপনের উদ্দেশ্যে  বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান, আতশবাজি, যুবক-যুবতির ফ্রি স্টাইলে ফুর্তিসহ বিভিন্ন আনন্দ উৎসব শুরু হয়।

যার ফলশ্রুতিতে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইসলাম এ সব অন্যায় ও যৌন উত্তেজনামূলক কোনো কর্মকাণ্ড এবং আতশবাজিসহ অপচয়মূলক কোনো বিষয়ই সমর্থন করে না।

ইসলামি মূল্যবোধে বর্ষবরণ
রাতের গুরুত্বপূর্ণ যে সময়টি পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে টগবগে যৌবনের লাগামছাড়া উন্মাদনা ও নেশা মেটানোর সময় হিসাবে বেছে নেয়া হয়। ইসলামে গভীর রাতের এ সময়টি অনেক গুরুত্বপূর্ণ।

গভীর রাতের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘মহান আল্লাহ দুনিয়ার আসমানে এসে আহ্বানকারীকে(সাহায্য প্রার্থীকে), অসুস্থ ব্যক্তিকে, ক্ষমাপ্রার্থীকে (চাহিদা অনুযায়ী) যা ইচ্ছা তা ডেকে ডেকে দিয়ে যান। (মুসলিম, মিশকাত)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা অন্ধকার রাতের ঘনঘটার ন্যায় ফেতনার পূর্বে দ্রুত আমল কর, (যখন) ব্যক্তি ভোর অতিবাহিত করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফির অবস্থায়, অথবা সন্ধ্যা অতিবাহিত করবে মুমিন অবস্থায়, ভোর অতিবাহিত করবে কাফির অবস্থায়। মানুষ তার দ্বীনকে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে।’ (মুসলিম)

এমন হলে কেমন হতো-
নতুন বছর উপলক্ষে বর্ষবরণের ইসলামি সংস্কৃতি এ রকম হওয়া উচিত ছিল যে, গভীর রজনীতে পুরনো বছরের বিদায় মুহূর্তে নতুন বছরের শুরুতে বিদায় নেয়া বছরের সব অন্যায় ও অপরাধমূলক কাজের জন্য আল্লাহর দরবারে রোনাজারি করা।

নতুন বছরের আগত দিনগুলোতে সুন্দর ও সৎ জীবনযাপনের দৃপ্ত শপথে আল্লাহ তাআলার দয়া ও সাহায্য চাওয়া।

পরিতাপের বিষয়-
বর্তমান সময়ে ইসলামি আক্বিদা বিশ্বাসের মানুষরাও ভিন্নধর্মী সংস্কৃতির মানুষের আচার-আচরণে আকৃষ্ট হয়ে দ্বীন ও ঈমানের কথা ভুলে অপসংস্কৃতি ও অন্যায় কাজে নিজেদের আমলি জিন্দেগিকে করছে কুলষিত।

অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রাতের মধ্যে এমন একটি সময় আছে, যদি কোনো মানুষ সে সময় লাভ করতে পারে, তবে আল্লাহর নিকট ইহকাল ও পরকালের কোনো কল্যাণ চাইলে আল্লাহ তাকে তা দান করেন। আর এ সময়টি প্রতি রাতেই রয়েছে। (মুসলিম, মিশকাত)

অনুষ্ঠান যদি করতেই হয়-
বর্ষবরণের অনুষ্ঠান ‘নববর্ষ’ যদি উদযাপন করতেই হয় তবে, ইসলামি আক্বিদা বিশ্বাসে অনুপ্রাণিত মুসলমানের উচিত, রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে রোনাজারি করে বিগত জীবনে ভুলত্রুটি থেকে ক্ষমা চেয়ে ভবিষ্যৎ জীবনের কল্যাণে বিনিদ্র রজনী অতিবাহিত করা।

আতশবাজি, ঘণ্টাধ্বনি, কল্যাণের উদ্দেশ্যে ফল খাওয়া, কাঁচ তথা তৈজশপত্র ছুঁড়ে মারা, যৌবন হারানো ও চুল ভ্রু সাদা হয়ে যাওয়ার ভয়ে নির্ঘুম রজনী অতিবাহিত করাসহ বাদ্যযন্ত্রের ব্যবহার, নগ্ন নারীর পুরুষসংমিশ্রণ ইত্যাদি কাজ থেকে বিরত থাকা। যা প্রত্যেক ঈমানদার মুসলমানের জন্য আবশ্যক করণীয়।

পরিশেষে…
মুসলিম উম্মাহর প্রতি কুরআনের ছোট্ট একটি আয়াতের উদাত্ত আহবান করতে চাই। আর তা হলো- ‘আল্লাহ জীবন-মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে সবচেয়ে বেশি সুন্দর আমল করতে পারে।’ (সুরা মুলক : আয়াত ২)

আসুন, নববর্ষ উদযাপনে বর্ষবরণের অশ্লীল ও অপচয়মূলক কাজ থেকে বিরত থেকে সুন্দর ও কল্যাণমূলক জীবন গঠনের প্রতিযোগিতায় অবতীর্ণ হই।

বর্তমান সময়ের যাবতীয় ফেতনা, ঘোর মূর্খতা ও কুসংস্কারের অন্ধকার পরিহার করে সঠিক পথ খুজে পাওয়ার জন্য আল্লাহর সাহায্য কামনা করি।

বিশেষ করে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে নিজেদেরকে দ্বীনি ও ইসলামি আদর্শের বাস্তবায়নে সমাজ পরিবর্তনের সংস্কৃতি চালু করি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গভীর রজনীতে পরিবার-পরিজন, সন্তান-সন্তুতি নিয়ে বিগত জীবনের গোনাহ এবং আগত নতুন বছরের কল্যাণ কামনা করার সংস্কৃতি চালু করার তাওফিক দান করুন। অন্যায় ও ফাহেশা কাজ থেকে হেফাজত করে কল্যাণের পথে এগিয়ে যাওয়া তাওফিক দান করুন। আমিন।

Save

Save

Save

Save

Save

 

রুই মাছের মুড়িঘণ্ট রাঁধবেন যেভাবে

খাবারের তালিকায় মুড়িঘন্টের কদর আলাদা। বিয়েবাড়ি কিংবা অতিথি আপ্যায়নে অনেক সময় প্রাধান্য পায় এই পদটি। তবে এর রন্ধন প্রণালি মোটেই কঠিন কিছু নয়। রেসিপি জানা থাকলে আপনি নিজেই তৈরি করতে পারেন জনপ্রিয় এই খাবারের পদটি। রইলো রেসিপি-

উপকরণ : রুই মাছের মাথা একটি, মুগডাল ২৫০ গ্রাম, আদাবাটা দুই চা চামচ, রসুনবাটা দুই চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া এক চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, টমেটো কুচি একটি, আস্ত জিরা আধা চা চামচ, তেজপাতা দুটি, তেল আধা কাপ, ঘি এক টেবিল চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ চার/পাঁচটি, লেবুর রস এক টেবিল চামচ, এলাচ ও দারুচিনি দুটি করে, লবণ পরিমাণমতো, পেঁয়াজবাটা দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ।

প্রণালি : মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে হলুদ, লবণ ও লেবুর রস মেখে হালকাভাবে ভেজে নিন। আগেই মুগডাল ভেজে গরম পানিতে ভিজিয়ে রাখুন। এবার একটি কড়াইতে তেল দিয়ে গরম হলে আস্ত জিরা, তেজপাতা, এলাচ ও দারুচিনির ফোড়ন দিন। টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে গরম মশলার গুঁড়া, ধনেপাতা কুচি, কাঁচামরিচ বাদে অন্যসব মশলার উপকরণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।

এবার মুগডাল পানি ঝরিয়ে ঢেলে দিন কড়াইতে। মুগডাল কষিয়ে নিন মশলার সঙ্গে। এবার অল্প সেদ্ধ হলে মাছের মাথা দিয়ে কষিয়ে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। মুগডাল সেদ্ধ হয়ে এলে গরম মশলার গুঁড়া দিন। এবার ঘি, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে দুই/তিন মিনিট পর চুলা বন্ধ করে দিন। কিছুক্ষণ পর পরিবেশন ডিশে ঢেলে নিন।

 

যেভাবে সাজাবেন নতুন বছর

নতুন মানেই সাজে ভিন্নতা, উপস্থাপনায় ভিন্নতা আর প্রত্যাশায় ভিন্নতা। তাই এই নতুনকে ঘিরে সবারই থাকে আশা আর স্বপ্ন। পুরানো যত গ্লানি ঝেড়ে মুছে নতুন করে কিছু পাওয়ার আশায় নতুনের আগমনকে ঘিরে যত আনন্দ। তাই একে ঘিরে তৈরি হয় আমাদের মাঝে কত আকাঙ্ক্ষা। নিজের মাঝে কিছু পরিবর্তন আর আশেপাশের পরিবর্তনকে নিজের মাঝে স্বাভাবিকভাবে নেওয়াই হলো নতুন বছরের আগমনের আশা আর প্রত্যাশা। নতুন বছরকে সবারই প্রত্যাশা থাকে নতুন কিছু করার আর নতুনকে ভালোবেসে গ্রহণ করার। তাই নিজের মাঝেও চাই কিছু পরিবর্তন আর গোছানো মনোভাব। যাতে আপনি নতুন বছরটিকে সাজিয়ে তুলতে পারেন নিজের মনের মতো করে।

চিন্তাধারা
প্রাপ্তির আনন্দ আর অপ্রাপ্তির বেদনা নিয়েই আমাদের জীবন। অনেক সময় প্রাপ্তিগুলোকে মনে না রেখে না অপ্রাপ্তিকে ঘিরে আমাদের মাঝে থাকে হতাশা। আমাদের মাঝে এই আকাঙ্ক্ষা থাকে যেন নতুন বছরটি ভালো কাটে। নতুন বছরে শুধু আশাই নয়, বিশ্বাস রাখুন নিজের ওপর। আপনি পারবেন। আপনাকে দিয়ে সম্ভব হবে সব অপূর্ণ কাজগুলো। আপনার এই মনোবল আর বিশ্বাস পারবে আপনার নতুন বছরকে নতুনের মতো সাজিয়ে তুলতে। যেখানে কেবল স্বপ্ন না থাকবে আপনার চিন্তাধারার বাস্তবায়িত রূপ।

কাজ
গত বছরে যে কাজটি শেষ করতে পারেননি কিংবা আপনাকে দিয়ে যে কাজটি সম্পূর্ণ হয়নি নতুন বছরেও আপনি সেটি পারবেন না, এরকম চিন্তা বাদ দিন। পূর্বের কাজের ক্ষেত্রে যে জায়গাগুলোতে ভুল ছিলো তা খুঁজে বের করুন। তার পেছনের কারণ খুঁজে বের করুন। এরপরে সেই কাজটি আবার শুরু করুন। দেখবেন এবার আপনাকে দিয়েই সেই কাজটি সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হবে।

পড়াশুনা
পড়াশোনার ফলাফল নিয়েও চিন্তিত থাকেন অনেকেই। কখনো খুব ভালো রেজাল্ট আবার কখনো তা নাও হতে পারে। তাতে হতাশ হয়ে পড়বেন না। নিজের ভুলগুলো এবং আপনার দুর্বলতার দিক বের করে তাতে মনোযোগ দিন। দেখবেন এই বছরে আপনার না পাওয়া জায়গাগুলো দখল করবে আপনার পাওয়া পূর্ণতা।

 

ঘর সুরভিত রাখার উপায়

দিনশেষে ঘরে ফিরে সবাই চায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। যত জায়গায়ই ঘুরে বেড়ানো হোক না কেন সবার কাছে প্রিয় স্থান নিজের ঘরটাই। ঘরকে দুর্গন্ধমুক্ত ও সুরভিত রাখাটা জরুরি। নয়তো স্বস্তি নষ্ট হয়ে যেতে পারে। চলুন জেনে নেই কিছু উপায়।

প্রতিদিন অল্প সময়ের জন্য ঘরের সব দরজা জানালা খুলে দিন। এর ফলে রোদ, বাতাসে ঘরের জীবাণু দূর হয়ে ঘরে একটা সতেজ ভাব ফিরিয়ে আনতে সহায়তা করে। বাড়ির যেখানে বেশি ধূমপান করা হয় সেখানে একটি বাটিতে সাদা ভিনেগার রেখে দিন। সিগারেটের খারাপ গন্ধ থেকে মুক্তি পাবেন। প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার, তোয়ালে বদলে ফেলুন।

প্রতিদিন ঘরের মেঝে পরিষ্কার করার সময় পানির সঙ্গে যে কোনো ভালো ব্র্যান্ডের ফ্লোর ক্লিনার ব্যবহার করুন। কিছু টাটকা ফুল ঘরে রাখুন। তবে ফুলদানির পানি প্রতিদিন বদলাতে হবে। ঘরের গন্ধ কাটাতে রুম ফ্রেশনার বা অ্যারোমা মোমবাতির জুড়ি নেই। কয়েক টুকরা লেবু ১০ মিনিট ওভেনে রেখে বেক করুন। এরপর ওভেনের দরজা খুলে দিন, ঘরের সব গন্ধ উড়ে যাবে।

লেবু পাতা এবং কমলা লেবুর শুকনা খোসা রুম ফ্রেশনার হিসেবে খুব ভালো কাজ করে। চন্দন গুঁড়ার সঙ্গে অল্প শুকনো নিমপাতা মিশিয়ে আলমারির এক কোণায় রেখে দিন। সুগন্ধ তো ছড়াবেই, সেই সঙ্গে পোকামাকড়ও দূরে থাকবে। তেজপাতা, দারুচিনি ও লেবুর টুকরো একটা বাটিতে ঘরের এক কোণে রেখে দিন অসাধারণ রুম ফ্রেশনার হিসেবে কাজ করবে।

পরিষ্কার থাকা সত্ত্বেও রান্নাঘরে যদি গন্ধ বের হয় তাহলে দারুচিনি, এলাচি ও তেজপাতা পানিতে ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে আঁচ কমিয়ে কিছুক্ষণ চুলাতেই রাখুন। এতে করে সারা ঘরে সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে। মাছ কাটার পর ঘরে একটা আঁশটে দুর্গন্ধ থেকে যায়। তাই অলিভ অয়েলের সঙ্গে এক টুকরো দারুচিনি দিয়ে কিছুক্ষণ চুলোয় রাখুন।

বাথরুম মানে যে সব সময় ভেজা থাকবে তা কিন্তু নয়। তাই শুকনো রাখার চেষ্টা করুন সব সময়। শাওয়ার কার্টেন ও পাপোশ ব্যবহার করুন। ভিজে কাপড় বাথরুমে জমিয়ে রাখবেন না। চটজলদি বাথরুমের গন্ধ দূর করতে হলে একটা মোমবাতি জ্বালিয়ে রাখুন কিছুক্ষণ।

 

রঙ লাগলো চোখে

চোখের সৌন্দর্য তার সাজে। চোখের ভাষায় আপনি মনের কথা বলে দিতে পারেন অনায়াসেই। একটি সময় চোখের সাজ মানেই ছিল কাজল। সময়ের সাথেসাথে তা পাল্টে আগমন ঘটেছে নতুনভাবে। অফিস, ভার্সিটি, পার্টি থেকে শুরু করে আড্ডার স্থল সব জায়গাতেই আপনি চোখ সাজাতে পারবেন কাজল দিয়ে। কালো কাজলের পাশাপাশি এখন নানা রঙের কাজলের চাহিদা তরণীদের কাছে এখন সবচেয়ে বেশি।

আপনার চোখের আকৃতি যেমনই হোক তাতে কাজল খুব সহজেই মানিয়ে যায়। এটি নানা রঙের খেলায় আপনার চোখকে ফুটিয়ে তোলে। তবে যাদের চোখ কিছুটা ভিতরের দিকে থাকে, তাদের ভাসাভাসা ভাব আনতে, চোখে কাজল লাগানোর পর আঙ্গুল দিয়ে হালকা ব্লেন্ড করে দিতে হবে। এতে চোখে নমনীয়তা আর সজীবতা দুটোই ফিরে আসবে।

পোশাকের সাথে কাজলের রং মিলিয়ে চোখে নিয়ে আসতে পারেন আকর্ষণীয় লুক। যাদের চোখ ছোট তারা চোখের নিচের পাতায় সাদা কাজল ব্যবহার করুন এবং উপরের পাতায় মোটা করে পছন্দ মতো রঙের কাজল টানুন। এতে আপনার চোখ বড় দেখাবে।

যাদের চোখ বড় তারা শুধু উপরের পাতায় চিকন করে কাজল ব্যবহার করুন। যাদের চোখের পাতা ঘেমে যায় তারা কাজল দেওয়ার পূর্বে চোখের পাতায় ভালো করে পাউডার দিয়ে কাজল লাগাতে পারেন, এতে কাজল ছড়াবে না।

বিভিন্ন অনুষ্ঠানে যেতে আপনি চোখে রঙিন কাজন লাগাতে পারেন। কাজলকে আধুনিকরূপে সাজাতে ব্লেন্ড গোল্ডেন অথবা সিলভার আইশ্যাডো দিয়ে চোখ হাইলাইট করতে হবে। এবার পছন্দমতো কাজল দিয়ে চোখের ভেতর থেকে বাইরে পর্যন্ত টেনে দিন।

কাজল ব্যবহারে অবশ্যই ওয়াটারপ্রুভ কাজল ব্যবহার করতে হবে। নতুবা কাজল লেপটে মেকআপ নষ্ট হবার সম্ভবনা থাকতে পারে। ওয়াটার প্রুভ কাজল না থাকলে, কাজল ব্যবহারের পর একই রঙের আইশ্যাডোদিয়ে হালকা করে ব্লেন্ড করে দিতে হবে। এতে কাজল অনেক্ষণ সুন্দর থাকবে

দামদর
রঙ্গিন কাজলের ক্ষেত্রে আছে লাল, নীল, হলুদ, সবুজ, বেশুনী সহ আরো অনেক রঙ। এই কাজলগুলোর দাম পরবে ২৫০ থেকে ৭০০ টাকার মধ্যে।

কোথায় পাবো
নিউ মার্কেট, মৌচাক, যমুনা ফিউচার পার্ক, গাওছিয়া সহ আপনার কাছে শপিং মলগুলোতেও আপনি পাবেন আপনার মনের মতো রঙ্গিন কাজল।

 

একাই ছুটির দিনটি উপভোগ করবেন যেভাবে

ছুটি মানেই কাজ থেকে বিদায় নেয়া। একরাশ ঝামেলা কাঁধ থেকে নামিয়ে নিজেকে সময় দেওয়া। আর এই ছুটির দিনগুলোতে আমরা সবাই চাই বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে সময় কাটাতে। তবে বেশিরভাগ সময় দেখা যায় আপনার ছুটির সময় তাদের ছুটি শেষ কিংবা ছুটিছাটার বালাই নেই। সেই মূহুর্তে আপনাকে একাই হতে হয় আপনার এই ছুটির সময়ের সঙ্গী। ছুটির সময়কে কীভাবে আপনি আনন্দের করে তুলতে পারেন তা জানা খুব সহজ। কিন্তু একাকী এই সময়কে নিজের মতো করে আনন্দে পরিপূর্ণ করাটা কঠিন কাজ। তারপরেও এই কঠিন কাজকে খুব সহজে সহজ করা যায় কিছু কাজের দ্বারা।

শুভ সকাল
কাজের কারণে সকাল সকাল প্রায় সবাইকেই ঘুম থেকে উঠতে হয়। কিন্তু ছুটির দিনের সকাল ঘুমানোর জন্য আদর্শ একটি সময়। যখন আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেয়ার যেমন কেউ নেই তেমনি দেরি করে ঘুম থেকে ওঠার জন্য বকা দেওয়ার কেউ নেই। ছুটির দিনটিতে আপনি যখন খুশি তখন ঘুম থেকে উঠতে পারবেন। এরপরেই আপনি খেতে পারেন আপনার পছন্দের সকালের নাস্তা। সচারচর খাওয়া হয়না কিংবা সময়ের জন্য তৈরি করতে পারেন না, এমন কিছু দিয়ে নাস্তাটা সেরে ফেলুন। এরপরেই হাতে গরম গরম কফির মগ কিংবা এক পেয়ালা চা নিয়ে বসে যান টিভির সামনে কিংবা ফেসবুকে সময় দিন বন্ধুদের।

শখ
কর্মক্ষেত্রের কাজ আমাদের শখের তালিকায় পরে না। কেউ পছন্দ করেন ফটোগ্রাফি, কেউ পছন্দ করেন গান গাইতে, কেউ আবার কবিতা লিখতে আবার কেউ ঘুরতে। আপনি আপনার ছুটির দিনটিতে শখের তালিকায় থাকা কাজটি খুব সহজেই করে ফেলতে পারেন। এতে আপনার পাশে কেউ না থাকলেও হবে। শখের কাজের ক্ষেত্রে সবসময় নিজের সময়টুকুই গুরুত্বের জায়গায় থাকে। তাই ছুটির সময়ে শখের ফেলে রাখা কাজগুলো গুছিয়ে নিন।

টেকনোলোজি থেকে দূরে
ছুটির দিনে কম্পিউটার, মোবাইল এসব থেকে কিছুটা দূরে থাকুন। নিজেকে সবুজের কাছে কিংবা অনেকদিন ধরে পরিকল্পনা করছেন এমন জায়গায়  ঘুরতে যান। এতে নিজেকে কিছুটা সময় যেমন দেওয়া হবে তেমনি আপনি ছুটিকে উপভোগ করতে পারবেন।

কেনাকাটা
কয়েকমাস ধরে শুধু ভেবেই যাচ্ছেন যে কিনতে হবে? শুধু সময় বের করতে পারছেন না! তাহলে আপনার জন্য ছুটির এই সময়টা হতে পারে সবচেয়ে ভালো একটি সময়। এতে একাকী ছুটি কাটানোও আপনার যেমন খারাপ লাগবেনা তেমনি আপনি সারা মাসের কেনাকাটাও শেষ করে ফেলতে পারবেন।