দীর্ঘ প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন সামাজিক মাধ্যমে সম্পর্ক, মানসিক স্বাস্থ্য ও পারিবারিক জীবন নিয়ে পরামর্শ দিয়ে পরিচিত চিকিৎসক দম্পতি ডা. সায়েদুল আশরাফ কুশাল ও ডা. সুষমা রেজা। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা।
পোস্টে তিনি লেখেন, দীর্ঘ আত্মসমালোচনা ও গভীর চিন্তাভাবনার পর তারা দুজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। খুব অল্প বয়সে একসঙ্গে পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তি ও সম্পর্ক—উভয়েরই পরিবর্তন হয়েছে। একপর্যায়ে তারা উপলব্ধি করেন, জীবনের এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই উভয়ের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।
ডা. সুষমা জানান, প্রায় দুই দশকের এই পথচলায় তারা একটি পরিবার গড়ে তুলেছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের অসংখ্য সুখ-দুঃখ, সংগ্রাম ও অর্জনের সাক্ষী হয়েছেন। সেই স্মৃতিগুলো তাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রকাশিত বিভিন্ন মুহূর্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ যে ছবিগুলো দেখেছেন, সেগুলো কখনোই একটি নিখুঁত সম্পর্কের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরার চেষ্টা ছিল না; বরং সেগুলো ছিল তাদের জীবনের বাস্তব ও আন্তরিক কিছু মুহূর্ত, যা তারা ভালোবেসে সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
একই সঙ্গে তিনি সবার প্রতি আহ্বান জানান, তাদের ব্যক্তিগত এই সিদ্ধান্তকে ঘিরে অনুমান, গুজব বা অপ্রয়োজনীয় বিচার-বিশ্লেষণ থেকে বিরত থাকার জন্য। তিনি উল্লেখ করেন, এই পরিবর্তনের সঙ্গে তারা সময় নিয়ে মানিয়ে নেওয়ার সুযোগ পেলেও তাদের পরিবারের অনেক সদস্য ও প্রিয়জনের জন্য বিষয়টি এখনও নতুন এবং বেদনাদায়ক। তাই এ সময়টিতে সহমর্মিতা, সংবেদনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।
বিদায়ী বার্তায় ডা. সুষমা জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে লেখেন, নিজের পরিবারকে সময় দেওয়া এবং প্রিয় মানুষদের মূল্য দেওয়ার বিকল্প নেই। কারণ জীবনের সাধারণ ও নীরব মুহূর্তগুলোই একসময় সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়। তিনি সবাইকে সচেতনতা, কৃতজ্ঞতা ও আন্তরিকতার সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করার আহ্বান জানান।
উল্লেখ্য, মনোরোগ বিশেষজ্ঞ ডা. সায়েদুল আশরাফ কুশাল ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য, দাম্পত্য সম্পর্ক, অভিভাবকত্ব, স্বাস্থ্যসচেতনতা ও জীবনযাপনবিষয়ক পরামর্শমূলক ভিডিও ও কনটেন্টের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক মাধ্যমে তাদের যৌথ উপস্থিতি অসংখ্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। ফলে তাদের বিচ্ছেদের ঘোষণাটি অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।






