banner

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ইং, ,

পোস্টটি 26 বার পঠিত

 

ইসলামী স্বর্ণযুগে মুসলিম নারীদের পেশা ও জ্ঞানচর্চার প্রতীকী চিত্র

ইসলামী স্বর্ণযুগে মুসলিম নারীদের ক্যারিয়ার (পর্ব ১)

-জি.মোস্তফা

মুসলিম নারীদের বিভিন্ন পেশা ও চাকুরি গ্রহণ :

আজকের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে নারীদের বিভিন্ন পেশায় অংশগ্রহণ কিংবা চাকুরি গ্রহণ অপরিহার্য হয়ে ওঠেছে।এখন প্রশ্ন উঠতে পারে, ইসলামে নারীদের বাইরে কাজ করার ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী? কুরআন কোথাও বলেনি যে, নারীরা বাইরে কাজ করতে পারবে না। সূরা নিসায় আছে- ‘পুরুষের রোজগার পুরুষের। নারীর রোজগার নারীর।’ এখানে নারীদের বাইরে কাজ করার অনুমতি পাওয়া যায়। বাস্তবেও রসূল (স.)এবং সাহাবায়ে কেরামের যুগে নারীরা বাইরে তাদের বাগানে কাজ করতেন এবং অনেকে ব্যবসা করতেন। হজরত উমর (রা.) একজন মহিলাকে মার্কেট সুপারভাইজার নিয়োগ করেছিলেন। ইসলামী স্বর্ণযুগে নারীরা বহু কল্যাণকর কাজে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন পেশায় তারা নিয়োজিত থেকেছেন।
পুরুষদের পাশাপাশি সমাজ ও জাতির কল্যাণে তারা তারা নিয়মিত এগিয়ে আসতেন।বিশেষ ও সাধারণ কাজের সকল ক্ষেত্রে তারা অংশ নিতেন জীবনের স্বাভাবিক প্রয়োজনের তাগিদে। তবে এ অংশগ্রহণ শরিয়ার কানুন বহির্ভুত ছিলো না। শিক্ষার সাথে তারা সামাজিক কাজে অংশগ্রহণ করতেন। যেমন : সমাজ কল্যাণ, সমাজ সেবা, শিক্ষকতা, কায়িক পরিশ্রম, কারিগরী,পশু পালন,
কৃষি কাজ, হস্ত শিল্প, ব্যবস্থাপনা, চিকিৎসা-নার্সিং,পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, হিসাব-নিকাশ, ব্যবসা ইত্যাদি।
তবে দুটো জিনিস তাদেরকে এ কাজ করতে বাধ্য করেছিলো।এর মধ্যে একটি ছিলো- নিজেকে ও পরিবার পরিজনকে দারিদ্র মুক্ত রেখে মর্যাদাপূর্ণ জীবন যাপন করার দায়িত্ববোধ। দ্বিতীয়ত,উপার্জিত অর্থ সমাজের কল্যাণে(সাদাকা)ব্যয় করে অধিক পুরস্কার লাভ করা। রসূল (স.) এর যুগে প্রায় সকল সাহাবিই কাপড় বুনতেন। হযরত আসমা বিনতে উমাইস নিরক্ষরদের পড়াতেন।হযরত হাফসা (রা.) ছিলেন শিক্ষিকা। শিফা বিনতে আব্দুল্লাহ (রা.) ছিলেন আবার হাফসা (রা.) এর শিক্ষিকা। হযরত উমর (রা.) শিফা বিনতে আব্দুল্লাহকে রাজধানী মদিনায় মার্কেটের সুপারভাইজার হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং কোনো সিদ্ধান্ত প্রদানের ব্যাপারে তার মতামতকে সর্বাধিক গুরুত্ব দিতেন।(ইসাবা)
আনসারিদের অধিকাংশ মহিলা কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন। আর মুহাজির নারীদের মধ্যে যারা চাষযোগ্য ভূমি এলাকায় বাস করতেন তারাও কৃষি কাজে জড়িত ছিলেন,হযরত আসমা (রা.) তাদের মধ্যে অন্যতম। কা’ব ইবনু মালিকের দাসী মদিনার সালা পাহাড়ে ছাগল চারণ করতো। একবার একটি ছাগল অসুস্থ হলে তিনি ধারালো প্রস্তরখন্ড দ্বারা জবেহ করলেন,এ ব্যাপারে রসূল (স.) কে জিজ্ঞেস করলে তিনি খাওয়ার অনুমতি দিলেন।(বুখারি)
হযরত খাদিজা (রা.) একজন বড়ো ব্যবসায়ী ছিলেন।খাওলা,মালিকা, সাকাফিয়া, এবং বিনতে মাথবাবা সুগন্ধির ব্যবসা করতেন। এক কৃষ্ণাঙ্গ মহিলা মসজিদে নববির ক্লিনার ছিলেন।তিনি মারা গেলে রসূল (স.) তার কবরের কাছে এসে সালাতে জানাযা আদায় করেন।(বুখারি)

সাহিত্য ও বিজ্ঞান চর্চায় সোনালি ক্যারিয়ারঃ

ইসলামি সভ্যতার ইতিহাসে বিজ্ঞান চর্চায় পুরুষদের অবদান সম্পর্কে বিপুল পরিমাণে বিবরণ বিদ্যমান রয়েছে। কিন্তু বিজ্ঞানচর্চায় মুসলিম নারীদের অবদান সেই তুলনায় কম আলোচিত। পুরুষের পাশাপাশি মুসলিম নারীরা চিকিৎসাবিজ্ঞান, কাব্য, সাহিত্য, আইন প্রভৃতি বিষয়ের মত বিজ্ঞান চর্চায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রসূল (স.) এর সমকালীন অনেক নারীই চিকিৎসাসেবার সাথে জড়িত ছিলেন।
জানা যায়, যুদ্ধে আহতদের সেবা প্রদানের লক্ষ্যে অনেক নারী রসূল (স.) এর সাথে যুদ্ধেও গমন করেছিলেন। নুসাইবা বিনতে কাব আল-আনসারি (রা.) তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন মদীনার একজন প্রখ্যাত নারী চিকিৎসক। উম্মে আম্মারা নামেও পরিচিত ছিলেন এই নারী সাহাবী। উহুদ যুদ্ধের সময় রসূল (স.) কে রক্ষায় লড়াইয়ের জন্য তিনি ইতিহাসে অধিক পরিচিত।
রসূল (স.) এর সমকালীন মদিনার অপর একজন নারী চিকিৎসক রুফাইদা বিনতে সা’দ আল-আসলামিয়া (রা.)। তাকে ‘ইসলামের প্রথম নার্স’ হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি মূলত তার চিকিৎসক পিতা সা’দ আল-আসলামির নিকট থেকে চিকিৎসাবিদ্যা সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি চিকিৎসাবিদ্যায় এতই বুৎপত্তি অর্জন করেন যে, রসূল (স.) যুদ্ধে আহত সকল সৈনিককে তার নিকট চিকিৎসার জন্য প্রেরণ করতেন।
এছাড়া রসূল (স.) এর সমকালীন আরো কয়েকজন নারী চিকিৎসকদের মধ্যে উম্মে সিনান আল-ইসলামি, উম্মে মাতায়ি আল-আসলামিয়া এবং উম্মে ওরাকা বিনতে হারিস উল্লেখযোগ্য। মধ্যযুগেও মুসলিম নারীরা বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে তাদের প্রতিভার স্বাক্ষর রাখেন।
ইবনে আল-জাওযি, ইবনে আল-খতিব বাগদাদি এবং ইবনে কাসিরসহ প্রমুখ ঐতিহাসিক দশম শতাব্দির একজন নারী গণিতবিদের প্রশংসা করেছেন। সুতাইতা আল-মাহামালি নামের এই নারী গণিতবিদ বাগদাদের এক বিদ্যোৎসাহী পরিবারের সন্তান ছিলেন। তার পিতা ছিলেন বাগদাদের একজন বিচারপতি ও বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব। গণিতের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া একইসাথে তিনি আরবী সাহিত্য, হাদীস এবং আইনশাস্ত্রে বিশেষজ্ঞ ছিলেন। ৩৭৭ হিজরি মোতাবেক ৯৮৭ ঈসায়িতে তিনি ইন্তেকাল করেন।
এছাড়া আন্দালুসিয়ার উমাইয়া দরবারের শিক্ষাবিদ ছিলেন লুবনা আল-কুরতুবিয়া। তিনি একাধারে গণিত, কাব্য, ব্যকরণ ও বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর বিশেষজ্ঞ ছিলেন। তার জ্ঞানগত দক্ষতা ও বুদ্ধিমত্তার কারণে তিনি খলীফা ৩য় আবদুর রহমান এবং তার পুত্র ২য় আল-হাকামের দরবারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সাহাবি নারীর বিদ্যালয় প্রতিষ্ঠাঃ

হযরত সফিয়া (রা.) জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য
বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।কুফা থেকে অনেক মহিলা লেখা পড়া শিক্ষা ও মাসায়ালা জানার জন্য সেখানে আসতেন। (মুসনাদ)
মুসলিম নারীদের পেশা ভিত্তিক শ্রেষ্ঠত্বঃ

আয়িশা (রা.) হাদিস বর্ণনা, ইসলামি আইন, ফিকহ, ইতিহাস, বংশলতিকা, কবিতা ও চিকিৎসাবিজ্ঞানে পারদর্শী ছিলেন। আসমা বিনতে আবি বকর (রা.) ও উম্মে আবদিল্লাহ বিন জুবায়ের হাদিস বর্ণনায় পারদর্শী ছিলেন। আয়িশা বিনতে তালহা কবিতা, সাহিত্য, জ্যোতির্বিদ্যা ও নভোমণ্ডল বিষয়ে পারদর্শী ছিলেন। সাকিনা বিনতে হোসাইন ও খানসা কাব্য ও সাহিত্যে পারদর্শী ছিলেন। মায়মুনা বিনতে সাদ (রা.) হাদিসে পারদর্শী ছিলেন। হজরত আলি (রা.)ও তাঁর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন।
কারিমা মারজিয়া (রহ.) হাদিসের পণ্ডিত ছিলেন। ইমাম বুখারি (রহ.) তাঁর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন। ফাতিমা বিনতে আব্বাস ছিলেন প্রখ্যাত ইসলামী আইনবিদ। তিনি মিসর ও দামেশকের প্রভাবশালী নেত্রী ছিলেন। উখত মজনি (রহ.) ছিলেন ইমাম শাফেয়ি (রহ.)-এর শিক্ষিকা। আল্লামা মারাদিয়ি (রহ.) তাঁর কাছ থেকে যাকাত বিষয়ক মাসায়ালা বর্ণনা করেছেন। হুজায়মা বিনতে হায়ই (রহ.) প্রখ্যাত তাবিয়ি ও হাদিসবিদ ছিলেন। ইমাম তিরমিজি ও ইবনে মাজাহ (রহ.) তাঁর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন।
আয়িশা বিনতে আহমদ বিন কাদিম স্পেনের অধিবাসী ছিলেন। তিনি ক্যালিওগ্রাফিতে পারদর্শী ছিলেন। লুবনি (রহ.) ভাষাবিদ ও আরবি ব্যাকরণশাস্ত্রে পারদর্শী ছিলেন। ফাতিমা বিনতে আলি বিন হোসাইন বিন হামজাহ ছিলেন হাম্বলি মাজহাবের পণ্ডিত। সমসাময়িক আলিমরা তাঁর কাছ থেকে হাদিস শিখেছেন এবং প্রসিদ্ধ হাদিসগ্রন্থ দারেমি শরিফের সনদের অনুমতি নিয়েছেন। রাবিয়া কসিসাহ সুপ্রসিদ্ধা বক্তা ছিলেন। ইমাম হাসান বসরি (রহ.)ও তাঁর কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন।
ফাতিমা বিনতে কায়িস শিক্ষাবিদ ও আইনবিদ ছিলেন। উম্মে ফজল, উম্মে সিনান হাদিস বর্ণনাকারী ছিলেন। শিফা বিনতে আবদিল্লাহ প্রখ্যাত আইনজ্ঞ ছিলেন। ওমর (রা.) তাঁকে ইসলামি আদালতের ‘কাজাউল হাসাবাহ’ ও ‘কাজাউস সুক’ ইত্যাদির দায়িত্বভার অর্পণ করেন। (সূত্র, তাবকাতে ইবনে সাদ : ৮/৪৫-৪৮; দালায়িলুন নবুয়্যাহ : ৫/৪১৬; ইবনে আসির : ৫/৪৫০; আল-বেদায়া ওয়ান নেহায়া : ৫/৭৮)
শায়িখ আলাউদ্দিন সমরকন্দি (রহ.) ‘তুহফাতুল ফুকাহা’ নামে একটি কিতাব লিখেন। এর ব্যাখ্যা রচনা করেছেন তাঁরই ছাত্র আবু বকর ইবনে মাসউদ কাস্তানি (রহ.)। ব্যাখ্যাগ্রন্থটির নাম ‘বাদায়িউস সানায়ি’। ইসলামি ফিকহশাস্ত্রে এটি নজিরবিহীন কিতাব। এটি দেখে শিক্ষক তাঁর ছাত্রের কাছে নিজ মেয়েকে বিয়ে দেন। মেয়েটির নাম ফাতিমা। সমকালীন রাজা-বাদশাহরা মেয়েটিকে বিবাহ করতে আগ্রহী ছিলেন। তিনি ছিলেন মুফতি। তাঁর স্বাক্ষরিত অসংখ্য ফতোয়া বের হয়েছে। (ফতোয়ায়ে শামি : ১/১০০)
ইবনে কায়েসের বর্ণনায় দেখা যায়, প্রায় ২২ জন নারী সাহাবি ফতোয়া ও ইসলামী আইনশাস্ত্রে খ্যাতি অর্জন করেছেন। তাঁদের মধ্যে সাত জন উম্মাহাতুল মুমিনিন বা নবীপত্নী ছিলেন। ১১ শতাব্দিতে মামলুক শাসনামলে তৎকালীন মুসলিম নারীরা দামেশকে পাঁচটি বিশ্ববিদ্যালয় ও ১২টি জ্ঞানচর্চার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণরূপে মুসলিম নারীদের দ্বারা পরিচালিত হতো।

পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন অপরাজিতাবিডিতে

পরবর্তী পর্বে পড়ুন: নারী স্কলার, যুদ্ধ, অর্থায়ন ও রাজনীতিতে মুসলিম নারী।

বিশেষ প্রতিবেদক, অপরাজিতাবিডি

Facebook Comments Box