banner

রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং, ,

Daily Archives: January 16, 2026

জীবন ঘনিষ্ঠ সমস্যার ইসলামিক সমাধান

অপরাজিতাবিডি ডটকম

news

ঢাকা:আপনার জীবন ঘনিষ্ঠ সমস্যার ইসলামিক সমাধান জানতে প্রশ্ন করুন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ প্রকৌশল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা কাছে।

 

স্পষ্ট করে নিজের সমস্যা লিখে ই-মেইল করুন এই ঠিকানায়:

oporajitabd22@gmail.com

 

রাজশাহীর মোটর মেকানিক খাদিজার হার না মানা গল্প

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম

rajshahiরাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার গোরাশাল গ্রামে নদীর পাড়ে ছোট্ট এক কুঁড়েঘরে খাদিজার পরিবারের বসবাস। খাদিজার বাবা আব্দুল খালেক এক ট্রাক গ্যারেজে হেল্পারের কাজ করেন, কিন্তু তার উপার্জনে পরিবারের মাস পার করা অত্যন্ত কঠিন। চাষাবাদের কোনো জমি বা সম্পদ না থাকায় বাঁচার তাগিদে একসময়ে তারা বাধ্য হন শহরে স্থানান্তরিত হতে। সম্প্রতি তারা রাজশাহীর পবা উপজেলার মাথুরা গ্রামে বসবাস করছেন।

 

খাদিজার মা নাসিমা বেগম। তিনি একজন গৃহিনী। দারিদ্র্যতার কারণে একটি এনজিও থেকে পাওয়া গরু লালন-পালন করছেন তিনি। খাদিজার ছোটভাই লেখাপড়া করছে প্রাথমিক বিদ্যালয়ে।

 

পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে পঞ্চম শ্রেণীর পর খাদিজার আর লেখাপড়া হয়নি। এরপর তাকে পারিবারিক কাজে হাত লাগাতে হয়। কিন্তু এর কিছুদিন পরই খাদিজা ব্র্যাক-এর ‘স্টার’ প্রকল্পে প্রশিক্ষণের সুযোগ পান। সুযোগ হাতছাড়া না করে মোটর সাইকেল ঠিক করার কাজে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি।

প্রথমদিকে অনেক কটাক্ষের শিকার হতে হয় খাদিজাকে। অনেকেই প্রশ্ন তোলে, ‘একটা মেয়ে কী করে বাজার এলাকায় কাজ করবে? সে কী পারবে কোনো সাফল্য আনতে?’ যখন আশেপাশের সকল মানুষ তাকে রুখে দিতে সরব, খাদিজা তখন কোনো ভ্রুক্ষেপ না করে এক মনে এগিয়ে চলেছে তার লক্ষ্যের পথে। এই পথে এগিয়ে যেতে বাবাই সবচেয়ে বেশি সাহায্য এবং প্রেরণা জুগিয়েছেন, জানালেন খাদিজা।

 

খুব দ্রুতই সকল কটাক্ষ-সন্দেহকে মিথ্যা প্রমাণ করে খাদিজা মোটার সাইকেল ঠিক করার কাজে নিজ দক্ষতা অর্জন করে নেন। বর্তমানে যারাই তার গ্যারেজে আসে, সবাই খাদিজাকেই খোঁজে। কারণ সবারই জানা, সে খুব ভালো একজন মোটর মেকানিক।

 

তার সাফল্যে অবশ্য খাদিজা কৃতজ্ঞতা জানান তার প্রশিক্ষককেই। প্রশিক্ষক মোহাম্মদ রায়হান রাজা ব্র্যাক থেকেই পাশ করে নিজ বাবার গ্যারেজে কাজ করতে শুরু করেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, খাদিজার মতো এমন অনেক অনেক মেয়েকে মোটর মেকানিকের কাজ প্রশিক্ষণ দিয়ে তিনি স্বনির্ভর করে তুলবেন।

 

খাদিজা এখন স্বপ্ন দেখে, তার পরিবার দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে। প্রশিক্ষণের সময় ব্র্যাক থেকে প্রাপ্ত ভাতা সে তার ব্যাংকে রেখে দিয়েছে। নিজ গ্যারেজ থেকে উপার্জিত অর্থ সে বাবামা’র হাতে তুলে দেয়।

 

গত ঈদে সে পরিবারের জন্য নিজ উপার্জন থেকে উপহার কিনেছে। পরিবার এখন স্বপ্ন দেখে, কোনো একদিন নিজ কাজের মাধ্যমে খাদিজা একজন স্বাধীন-স্বনির্ভর নারীতে পরিণত হবে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/১৭২৩ঘন্টা২০ফেব্রুয়ারি২০১৪

আ'লীগ নেতার হাতে লাঞ্চিত হলেন শিক্ষিকা

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম

image_68183রাজশাহী : রাজশাহীর পবার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জুতা নিয়ে তেড়ে গেলেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ। নিয়ম লঙ্ঘন করে বিদ্যালয়ের গাছ বিক্রির প্রতিবাদ করায় এ ঘটনা ঘটান তিনি। খবর পেয়ে বুধবার সরজমিনে তদন্ত করেছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম।

 

সংশ্লিষ্টরা জানান, পবার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ দিন ধরে ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ। সম্প্রতি নিয়ম লঙ্ঘন করে তিনি বিদ্যালয়ের দু’টি গাছ বিক্রি করে দেন।

 

গত মঙ্গলবার সকালে এ নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে বসে। ওই মিটিং এ প্রধান শিক্ষিকা নুরুন নাহার এর প্রতিবাদ জানান। এতে উত্তেজিত হয়ে ওই আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষিকাকে প্রথমে গালিগালাজ ও পরে জুতা খুলে তেড়ে যান।

 

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। পরে প্রধান শিক্ষিকা নুরুন নাহার বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানালে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শিক্ষা কর্মকর্তারা বিষয়টি সরেজমিনে তদন্ত যান।

 

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে এ নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান তিনি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৬২২ঘন্টা২০ফেব্রুয়ারি২০১৪/এ

খাগড়াছড়িতে সবিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম
manabondhon
খাগড়াছড়ি : গৃহবধূ কমল চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন।

জেলা শহরের আদালত সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নারীনেত্রী টুকু তালুকদার, উইমেন রিসোর্স নেটওয়ার্ক’র সমন্বয়কারী এড. সুস্মিতা চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র চেয়ারপারসন শেফলিতা ত্রিপুরা, সমাজকর্মী ধীমান খীসা, নারীনেত্রী নমিতা চাকমা, আওয়ামী লীগ নেত্রী নিগার সুলতানা, কমলছড়ি মহিলা সমিতি’র সভানেত্রী পূর্ণিমা চাকমা, নিহত সবিতা’র প্রতিবেশী কাজলা চাকমা এবং উন্নয়নকর্মী সুযশ চাকমা।

সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলার সদ্য নির্বাচিত চঞ্চুমনি চাকমা ও সিইচটি কমিশনের সমন্বয়কারী হানা শামস আহম্মেদ সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি’র কমলছড়ি থেকে গৃহবধূ সবিতা চাকমা’র লাশ উদ্ধার করেছিল। এই ঘটনায় তার স্বামী দেবরতন চাকমা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা রুজু করলেও পুলিশ এখনো কিছুই করতে পারেনি।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৬২২ঘন্টা২০ফেব্রুয়ারি২০১৪/এ

গোদাগাড়ীতে ভুটভুটির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম

lashরাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ভুটভুটির ধাক্কায় মেহেরজান (৭৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মেহেরজান গোদাগাড়ীর প্রসাদপাড়া এলাকার ওসমান ম-লের স্ত্রী। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাসাদপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হলে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, সকালে বাড়ির সামনের রাস্তা অতিক্রম করার সময় বেপরোয়া গতির ভুটভুটি মেহেরজানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৬২২ঘন্টা২০ফেব্রুয়ারি২০১৪/এ

বরিশালে ট্রাক চাঁপায় কলেজ ছাত্রী নিহত

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম, বরিশাল : বরিশালের সদর উপজেলার খয়রাবাদ সেতুর ঢালে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাঁপায় পপি আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

পুলিশ নগরীর গড়িয়ারপাড় এলাকা থেকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

নিহত পপি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের তসলিম উদ্দিনের কন্যা ও নলছিটি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) টিএম মোজাহিদুল ইসলাম জানান, কলেজ ছাত্রী পপি পায়ে হেঁটে সেতুতে উঠছিল। এ সময় পেছন থেকে ট্রাকটি বেপরোয়া গতিতে ছুটে এসে তাকে চাঁপা দেয়। স্থানীয়রা কলেজ ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের করা হয়েছে ।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৬২২ঘন্টা২০ফেব্রুয়ারি২০১৪/এ

নাখালপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

hottaঅপরাজিতাবিডি ডটকম, ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার একটি বাড়ি থেকে ফরিদা বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ২৪৩/এ/৩ পূর্ব নাখালপাড়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বামীর নাম মো. ইমদাদ হোসেন। তিনি অটোরিকশা চালক। ইমদাদ হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কানড়গাঁও।

নিহতের বোন শাহিদা বেগম জানান, সকালে ইমদাদ হোসেন আত্মহত্যার খবর দেয়। পরে আমরা বাড়ি ওয়ালাকে ফোন করি। বাড়িওয়ালা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফরিদার লাশ উদ্ধার করে। এ সময় সন্দেহভাজন হিসেবে স্বামী ইমদাদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে সকালে গৃহবধূ ফরিদা বেগমের লাশ তাদের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৬২২ঘন্টা২০ফেব্রুয়ারি২০১৪/এ