ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় অংশজুড়ে থাকে খাবার। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময়টাতেই সবচেয়ে বেশি মানুষ হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, এমনকি হঠাৎ অসুস্থতায় ভোগে। কারণ একটাই—অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত খাওয়া।
ঈদের দিনগুলোতে টেবিলে থাকে মাংসের নানা পদ, মিষ্টি, ভাজাপোড়া—সবই উচ্চ ক্যালরি ও চর্বিযুক্ত। পুষ্টিবিদদের মতে, হঠাৎ করে এ ধরনের খাবার অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে শরীর তা সামলাতে পারে না। বিশেষ করে যারা নিয়মিত সুষম খাবার খান না, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। ফলে বদহজম, এসিডিটি, বমিভাব এসব সমস্যা খুব দ্রুত দেখা দেয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলেন, ঈদে খাবার উপভোগ করতে হবে, কিন্তু নিয়ন্ত্রণ হারানো যাবে না। তাদের পরামর্শ হলো—একবারে পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া। এতে হজম প্রক্রিয়া সহজ থাকে এবং শরীরের ওপর চাপ কম পড়ে। একইসাথে খাবারের তালিকায় সবজি, সালাদ ও আঁশযুক্ত উপাদান রাখার ওপর জোর দেন তারা। শুধু মাংস আর মিষ্টি খেলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। প্রোটিনের পাশাপাশি ভিটামিন, মিনারেল ও ফাইবারও প্রয়োজন। তাই প্লেটে বৈচিত্র্য রাখা জরুরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান না করলে হজমের সমস্যা আরও বাড়ে।
আরেকটি বড় ভুল হলো সামাজিক চাপে পড়ে অতিরিক্ত খাওয়া। অনেকেই না চাইলেও “আরেকটু খান” কথার চাপে পড়ে শরীরের সীমা অতিক্রম করেন। চিকিৎসকদের ভাষায়, এটা সরাসরি নিজের স্বাস্থ্যের বিরুদ্ধে কাজ করা। শরীরের সংকেত বুঝে থামতে না পারা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
বাস্তব কথা হলো—ঈদ উৎসব কয়েক দিনের, কিন্তু অসুস্থতা দীর্ঘস্থায়ী হতে পারে। অল্প কিছু সময়ের আনন্দের জন্য যদি পরে ওষুধ খেয়ে সময় কাটাতে হয়, তাহলে সেটা কোনো বুদ্ধিমানের সিদ্ধান্ত না।
সুতরাং সুষম খাবার খান, পরিমাণে নিয়ন্ত্রণ রাখুন,সুস্থ থাকুন। কারণ সুস্থ থাকলেই উৎসবের আনন্দ সত্যিকার অর্থে উপভোগ করা যায়









