অপরাজিতাবিডি ডটকম, কাউনিয়া (রংপুর) : রংপুরের কাউনিয়ায় প্রেমে সাড়া না কলেজ চত্তরে বখাটের ধারালো অস্ত্র আঘাতে এক এইচএসসি পরীক্ষার্থীনিকে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার উপজেলার হারাগাছ পৌর শহরের হারাগাছ কলেজ চত্তরে। আর এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনা সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবী করেছেন শিক্ষার্থীরা ও অভিভাবকরা।
জানা গেছে, হারাগাছ পৌর শহরের দর্জীপাড়া গ্রামের শারমিন আক্তার। সে হারাগাছ কলেজের এবার এইচএসসি পরীক্ষার্থীনি। ওই কলেজ ছাত্রী বাড়ী থেকে কলেজ যাওয়া আসার পথে একই গ্রামের সাদেকুলের বখাটে পুত্র আকাশ প্রায় তাকে পথরোধ করে প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করতো।
গত বুধবার ওই পরীক্ষার্থীনি পরীক্ষার প্রবেশপত্র নেয়ার জন্য কলেজ যাওয়ার পথে ডারারপাড় বাজারের পাশে বখাটে আকাশ তার পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে বখাটে আকাশ ও তার বন্ধু সজল ধারালো অস্ত্র খুর দিয়ে ওই ছাত্রী মুখে আঘাত করে। এ ব্যাপারে ওইদিন সন্ধায় ওই কলেজ ছাত্রী বখাটের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ করে।
এদিকে অভিযোগের ঘটনা জানতে পেরে বখাটে আকাশ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার বেলা ১২টায় ওই ছাত্রী কলেজে আসলে বখাটে আকাশ তার বন্ধু সজল সহ অজ্ঞাত ৪/৫ জন বখাটে যুবকরা কলেজ চত্তরে তাকে মারপিট করে এবং হরিস্টিক ও ধারালো অস্ত্র খুর দিয়ে পিঠে ও হাতে কুপিয়ে আহত করে। ওই ছাত্রীর আত্মচিৎকার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটে যুবকরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে।
হারাগাছ কলেজের (ভারপ্র্প্তা) আব্দুল ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
ওই ছাত্রীর পিতা শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, বুধবারে হামলার ঘটনার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা না নেয়ায় বখাটেরা হত্যার পরিকল্পনা করে বৃহস্পতিবার কলেজের ভিতরে প্রকাশ্য মেয়ের উপর আবারও হামলা চালিয়ে আহত করে। তিনি এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবী করেছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি শুনার পর তিনি নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন।
অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/২২মার্চ, ২০১৪





