banner

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ইং, ,

পোস্টটি 201 বার পঠিত

 

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের গবেষক মেরি ই. ব্রাঙ্কো

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করলেন যুক্তরাষ্ট্রের গবেষক মেরি ই. ব্রাঙ্কো। তাঁর সঙ্গে এ বছরের পুরস্কার ভাগ করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড র‌্যামসডেল ও জাপানের শিমোন সাকাগুচি। তারা তিনজন যৌথভাবে এই সম্মান অর্জন করেছেন মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচনের মাধ্যমে।

 সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম থেকে ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। 

নোবেল কমিটির ঘোষণায় জানানো হয়, তারা “পরিফেরাল ইমিউন টলারেন্স” সম্পর্কিত মৌলিক আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়েছেন। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে নতুন গবেষণার ক্ষেত্র তৈরি করেছে এবং ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনা উন্মোচন করেছে।

মেরি ব্রাঙ্কো ও তাঁর সহগবেষকরা দেখিয়েছেন, দেহে বিশেষ ধরনের প্রতিরোধক কোষ থাকে—রেগুলেটরি টি সেলস, যা আমাদের প্রতিরোধক ব্যবস্থাকে নিজের শরীর আক্রমণ করা থেকে রক্ষা করে।

মেরি ই. ব্রাঙ্কো ১৯৬১ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজি-তে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত।

নারী গবেষক হিসেবে চিকিৎসাবিজ্ঞানে তাঁর এই অর্জন বিজ্ঞান জগতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর অবদান ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসা গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করছে চিকিৎসাবিজ্ঞানীরা।

উল্লেখ্য, মেরি ব্রাঙ্কো, ফ্রেড র‌্যামসডেল ও শিমোন সাকাগুচি তিনজন মিলে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা) পুরস্কার অর্থ ভাগ করে নেবেন।

Facebook Comments Box